‘আইএস দমনে সামনের কাতারে থাকবে না মার্কিন সেনারা’

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ১৮:২১
 
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সামনের কাতারে রাখা হচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের।
 
বিশেষ অভিযানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিলেও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্থানীয় সময় সোমবার বলেছেন, ‘সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র তার সেনাবাহিনীকে সামনের কাতারে রাখছে না।’
 
শুক্রবার সেনা মোতায়েনের ঘোষণার পর প্রথম কোনো বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র এরই মধ্যে যা করছে, এটা কেবল সেটারই একটি বর্ধিতকরণ।’
 
সোমবার রাতে এনবিসি নাইটলি নিউজকে দেয়া এক সাক্ষাত্কারে ওবামা বলেন, ‘এটা মনে রাখেন যে, এরই মধ্যে আমরা বিশেষ অভিযান পরিচালনা করেছি এবং আমরা যা অব্যাহত চালিয়ে যাচ্ছি—এটা শুধু তারই একটা সম্প্রসারণ।’
 
ওবামা বলেন, ‘ আইএসআইএল যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে আমরা মার্কিন বাহিনীকে সামনের কাতারে রাখছি না। আমি সম্পূর্ণরুপে অটল যে বৃহত্ স্থলবাহিনী এবং দখলসহ ইরাকে যা করেছি,  আমরা তা করতে যাচ্ছি না। এটা সমস্যার সমাধান করে না।’
 
এর আগে হোয়াইট হাউজ শুক্রবার জানিয়েছিল, ‘প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতার’ জন্য মার্কিন সেনাবাহিনী একটি মিশনে যাবে এবং এর সংখ্যা হবে ৫০-এর কম।