সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান কারাগারে

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ২০:৪৯
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ (বিএনপি-জামায়াত সমর্থিত) চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সিকে আদালতের বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
 
মঙ্গলবার বিকালে গাইবান্ধাস্থ পলাশবাড়ী আমলি আদালতের দায়িত্ব থাকা বিচারক অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মইনুল হাসান ইউছুফ এ আদেশ দেন।
 
প্রসঙ্গত, রবিবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খাঁন বিপ্লবের হত্যাচেষ্টা মামলার চার্জসিট আদালতে গৃহীত হয়। ওই মামলায় জেলা আমলি আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মনিরুজ্জামান শিকদার এদিন উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরদিন সোমবার সাইদুর রহমান মুন্সি ওই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তার জামিন মঞ্জুর করেন। সোমবার রাত সাড়ে সাতটার দিকে আদালতের হাজত থেকে বের হওয়ার পথেই তাকে গ্রেফতার করা হয়।
 
উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ ডিসেম্বর বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খাঁন বিপ্লব তার ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর থেকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ি ফিরছিলেন। এ সময় সাদুল্লাপুর উপজেলার জামালপুর বাজারে শিবির নেতা (সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সির শ্যালক) শাহাবুল আলম কাজলের নেতেৃত্বে একদল অস্ত্রধারী জামায়াত-শিবির ক্যাডার পথরোধ করে বিপ্লবের উপর হামলা চালায়। তাকে ধারাল অস্ত্র দিয়ে  কুপিয়ে জখম করে। এ সময় তার ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে তাকে ওই আগুনে নিক্ষেপ করার চেষ্টা করে হামলাকারীরা। কিন্তু স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে তারা তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর অবস্থায় বিপ্লবকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল হাসপাতালে (রমেক) ভর্তি করায়।
এ ঘটনায় বিপ্লব বাদী হয়ে ওই বছরের ২৯ ডিসেম্বর দুটি মামলা করেন।