খোকা গয়েশ্বরসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ০০:৩৯
রামপুরা থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা গতকাল মঙ্গলবার এই পরোয়ানা জারি করেন। একইসঙ্গে পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ জানুয়ারি দিন ধার্য করেন। পরোয়ানাপ্রাপ্ত উল্লেখযোগ্য অন্য নেতাদের মধ্যে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাউদ্দিন আহমেদ, ছাত্রদল নেতা হাবিবুর রশিদ হাবিব, জামায়াত নেতা ডা. শফিকুল ইসলাম, ড. শফিকুর রহমান প্রমুখ।
 
মামলার আসামিদের বিরুদ্ধে দাখিল করা চার্জশিট আমলে নেয়ার জন্য দিন ধার্য ছিল গতকাল। তবে এ সময় আসামিদের কেউ আদালতে হাজির ছিলেন না। এরপর চার্জশিটে সাদেক হোসেন খোকাসহ ২১ জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা ?জারির আবেদন করা হয়। ওই ২১ জন ও জামিনে থাকা ১৪ আসামি আদালতে অনুপস্থিত থাকায় মোট ৩৫ জনের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
 

রাষ্ট্রপক্ষে আদালতের সহকারী পিপি তাপস কুমার বলেন, মামলার চার্জশিট আমলে নেয়ার শুনানির দিন আসামিরা গরহাজির থাকায় অভিযাগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।  চলতি বছরের ২০ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪৯ জনের বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য আইনে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।  চার্জশিটে বলা হয়েছে, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়ায় বিএনপি-জামায়াতের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনের সময় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় মানসুর প্রধানিয়া নামে একজন বাসযাত্রী মারা যান। ওই ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বাদী হয়ে পরেরদিন রামপুরা থানায় মামলা করেন।