স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্লগার-প্রকাশকদের ওপর যেভাবে হামলা হয়েছে সেই একই কায়দায় আশুলিয়ায় পুলিশের ওপর হামলা হয়েছে। হামলাকারীরা কখনো হরকাতুল জিহাদ, কখনো আনসারুল্লাহ। তারা আলাদা নাম ব্যবহার করলেও আসলে এক।
বুধবার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হামলার শিকার পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, গত কয়েক মাসে ব্লগার-প্রকাশকদের ওপর যেভাবে হামলা হয়েছে, পুলিশের ওপরও একই কায়দায় হামলা হয়েছে।
তিনি বলেন, পুলিশ কিছু বুঝে ওঠার আগেই হামলা চালানো হয়। পুলিশের নতুন দল গাড়ি থেকে নামার সময় হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের উপর্যপুরি হামলায় শিল্প পুলিশের কনস্টেবল মুকুল মারা যান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিদের বিচার কার্যক্রম নস্যাত্ করার জন্য এই ধরনের হামলা চালানো হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকটি হত্যায় জড়িতদের আমরা সনাক্ত করছি। আমাদের নিরাপত্তা বাহিনী বসে নেই। তারা কাজ করছে।
