রাজধানীর ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ফোরাম (বিডিসাফ)এর প্রথম সম্মেলন। ১০০ জন নিবন্ধিত প্রকৌশলী এবং ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ২০ জন শিক্ষার্থী ফ্রি ফেলোশিপের আওতায় এই সম্মেলনে অংশগ্রহন করেন। সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম।
উদ্বোধনী অধিবেশনে মুল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সোসাইটির কো-চেয়ার সুমন আহমেদ সাবির। বিডিসাফের (bdsysadmin.org) প্রতিষ্ঠাতা এবং ব্রাক আইসিটির আইটি ইনফ্রাস্টেকচারের প্রধান জোবায়ের আল-মাহমুদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান ও বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল ইসলাম।
সম্মেলনে প্রকৌশলীরা ক্লাউড কম্পিউটিং, ডাটা ম্যানেজমেন্ট, ইন্টারনেট নিরাপত্তাসহ নিজ নিজ কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বিনিময়ে বিভিন্ন অধিবেশনে অংশগ্রহন করেন।
