অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সরকারি সব ক্রয় যত বেশি স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে ততই উন্নতি ত্বরান্বিত হবে।’ এ জন্য কার্যকর কৌশল হিসেবে অনলাইনে ক্রয় ব্যবস্থাপনার উপর জোর দেন তিনি।
বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত তৃতীয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সরকারি ক্রয় সংক্রান্ত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বমন্দার মধ্যেও দেশের রফতানি ও অভ্যন্তরীণ চাহিদা দুটোই বেড়েছে। ভালো ব্যবস্থাপনার কারণেই এটা সম্ভব হয়েছে এবং ২০১৮ সালের মধ্যেই আমরা দারিদ্র্য সীমার ওপরে উঠবো।’
পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিউ) বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় তিন দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সার্কভুক্ত দক্ষিণ এশিয়ার আটটি দেশের প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন কাইমস, এশীয় উন্নয়ন ব্যাংকের আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুচি, বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব শহীদউল্লা খন্দকার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মেজবাহউদ্দিন বক্তব্য রাখেন।
বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন কাইমস বলেন, বর্তমানে বাংলাদেশের মাত্র ৩০ ভাগ সরকারি ক্রয় স্বয়ংক্রিয় পদ্ধতিতে হচ্ছে। বাকি ৭০ শতাংশই বাইরে।
