বন্যা ও বিমা বিষয়ক এক কর্মশালায় বক্তারা বলেছেন, বাংলাদেশে বন্যার কারণে প্রতিবছর জান-মালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ১৯৮০ থেকে ২০১৫ সালের মধ্যে দেশবাসী ৭৪টি ভয়াবহ বন্যার মোকাবিলা করেছে। বন্যার কারণে এ পর্যন্ত ১২ হাজার ৬৬৯ জন লোক মারা গেছে। এ সময় অর্থনৈতিক ক্ষতি হয় ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
বন্যাঝুঁকি বিমার আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত কৃষককে বন্যার কারণে ফসলের ক্ষয়-ক্ষতির অর্থমূল্য দিতে হবে। কৃষকদের কৃষিবিমা করা জরুরি হয়ে পড়েছে।
বুধবার ব্র্যাক সেন্টারে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এ সব কথা বলেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন, ইনস্টিটিউটের উপনির্বাহী পরিচালক ড. আ ফ ম আফজাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইসমাইল হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা, ঊর্ধ্বতন গবেষক গিরিরাজ অমরনাথ প্রমুখ।
