ভারতের রাজধানী দিল্লিতে পূর্ব নির্ধারিত গানের অনুষ্ঠান বাতিল করলেন বিখ্যাত গজল গায়ক গুলাম আলি। আগামী ৮ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠান করার কথা ছিল তাঁর।
একটি সূত্রে আগে বলা হয়েছিল, ব্যক্তিগত কারণ দেখিয়ে অনুষ্ঠান বাতিল করেছেন পাকিস্তানি গজল গায়ক। তবে সংবাদ সংস্থা পিটিআইয়ের জানিয়েছে, ৭৪ বছর বয়সী এই শিল্পী মনে করেন ভারতে এখন গানের অনুষ্ঠান করার অনুকূল পরিস্থিতি নেই। তিনি ‘কোনও রাজনীতির সঙ্গে নিজেকে জড়াতে’ চান না বলেও জানিয়েছেন। এর আগে গত মাসে প্রয়াত গজল শিল্পী জগজিৎ সিংয়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য হিসেবে মুম্বাইয়ে কনসার্ট করার কথা ছিল গুলাম আলির। কিন্তু শিবসেনার হুমকিতে তা বাতিল হয়ে যায়।
তাঁর ছেলে আমির ফোনে লাহোর থেকে পিটিআইকে বলেছেন, ৮ নভেম্বরের কনসার্ট হচ্ছে না। মুম্বাইয়ের ঘটনার পর আমরা আর কোনও ঝুঁকি নিতে চাই। গান গাওয়ার জন্য সঠিক পরিবেশ চাই। আমরা কোনও রাজনীতিতে থাকতে চাই না। ওখানে এত কিছু ঘটছে যে, এ সময়ে আমাদের সেখানে যাওয়া ঠিক হবে না।
উল্লেখ্য, এ ঘটনায় শিবসেনার নিন্দার পাশাপাশি গুলাম আলির অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করায় মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা জোট সরকারকেও তীব্র আক্রমণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবং দিল্লিতে তাকে আমন্ত্রণ জানালে সেটি গ্রহণ করেন গুলাম আলি। ঠিক হয়, ৮ নভেম্বর দিল্লিতে গজল গাইবেন তিনি। ৩ ডিসেম্বর তাঁর আরেকটি কনসার্টেও গান গাইবেন বলে ঠিক ছিল। আমির বলেছেন, ডিসেম্বরের কনসার্টের ব্যাপারেও নিশ্চিত নই আমরা। ভারতে ওনার অসংখ্য অনুরাগী। তবে পরিস্থিতি ভাল হলেই তিনি যাবেন। কিছু রাজনীতিক আমন্ত্রণ জানালেও অন্যরা সমস্যা তৈরি করতে চান। টাইমস অব ইন্ডিয়া।
