গ্যালাক্সি এস৬ এজ’র ত্রুটি প্রকাশ করল গুগল

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ১৩:৩৬
 
দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন নির্মাতা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৬-এর ১১টি নিরাপত্তা দুর্বলতা চিহ্নিত করেছে গুগল।
 
বিবিসির জানিয়েছে, ঐ নিরাপত্তা দুর্বলতার ব্যবহার করে ভুক্তভোগীর স্মার্টফোনের নিয়ন্ত্রণও দখল করে নিতে পারতো হ্যাকাররা।
 
গুগলের চিহ্নিত দুর্বলতার মধ্যে বেশিরভাগের সমাধান করেছে স্যামসাং। তবে সিকিউরিটি আপডেটের পরও স্মার্টফোনটিতে এখনো কয়েকটি দুর্বলতা রয়েছে।
 
একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, বাগগুলো গুগলের অপারেটিং সিস্টেমকে নিরাপত্তাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিচ্ছে।
 
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক ড. স্টিভেন মারডক বলেন, মোবাইল ফোন নির্মাতা আর গুগলের মধ্যকার সম্পর্কে সাম্প্রতিক সময়ে টানাপোড়েন বেড়েছে। গুগল চায় নিজস্ব অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মান ধরে রাখতে। কিন্তু সাম্প্রতিক সময়ে সাইবার নিরাপত্তা ইস্যুতে নির্ভরতা হারিয়েছে অ্যান্ড্রয়েড।
 
অন্যদিকে আলাদা এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, চলতি মাসেই আরেকটি সিকিউরিটি আপডেটের মাধ্যমে বাকি তিনটি বাগ সমস্যার সমাধান করা হবে।
 
গ্যালাক্সি এস৬ এর নিরাপত্তা ব্যবস্থায় বাগগুলো আবিষ্কার করে গুগলের ‘প্রজেক্ট জিরো’ দলের সদস্যরা। কম্পিউটার সিস্টেমের নতুন নতুন দুর্বলতা খুঁজে বের করাই মূল কাজ এই প্রকল্পটির।