আশুলিয়ায় পুলিশ হত্যার দায় স্বীকার আইএসের!

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ২০:৫৭

ঢাকার সাভারের আশুলিয়ায় পুলিশের তল্লাশি চৌকিতে হামলা এবং পুলিশ হত্যার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি সংগঠনগুলোকে পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট’ এমন তথ্য দিয়েছে।

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঐ হামলার একদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রভিত্তিক ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ তাদের এক খবরে বৃহস্পতিবার বলেছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশের টহল চৌকিতে হামলার দায় স্বীকার করেছে আইএস।

 

যদিও পুলিশ বলছে,  তারা এখনো এই হামলার বিষয়ে কোনও ক্লু পায়নি। বুধবার আশুলিয়ায় দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ নিহত ও একজন আহত হন।

 

এর আগে সাইট ঢাকায় ইতালির নাগরিক তাভেল্লা চেজার এবং রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডে আইএস এর দায় স্বীকারের খবর দিয়েছিল। এরপর শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় ইসলামিক স্টেট দায় স্বীকার করে নিয়েছিল বলেও তারা খবর দেয়। তবে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনী বরাবর এই দাবি নাকচ করে আসছে। খবর: বিবিসি।