সৌম্যর ইনজুরিতে দলে ফিরলেন ইমরুল

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ১৬:২৫
 
পাঁজরের ব্যথার কারণে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ জাতীয় দলের মারমুখী ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার। তার বদলে দলে স্থান পেয়েছেন আরেক বাঁ হাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুখ আহমেদ।
 
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য সৌম্য সরকারকে ১৪ জনের স্কোয়াডে রেখেছিল বিসিবি। দলের সঙ্গে অনুশীলনও করেছিলেন সৌম্য। মঙ্গলবার পাঁজরের ব্যথা অনুভব করার পর অনুশীলন চালিয়ে যান সৌম্য। কিন্তু বুধবার ব্যথা বেড়ে যাওয়ার পর আর অনুশীলন করতে পারেননি তিনি। সকালে অ্যাপালো হাসপাতালে এমআরআই করান। বৃহস্পতিবার এরআরআইয়ের রিপোর্ট পাওয়ার পর সৌম্যকে জিম্বাবুয়ে সিরিজ থেকে সরিয়ে নেয় বিসিবি।
 
গত বছরের ১ ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে সৌম্যর অভিষেক হয়। এরপর থেকে একবারও ইনজুরির কবলে পড়েননি ডানহাতি এই ওপেনার। এবারই প্রথম ইনজুরির কারণে দল থেকে বাদ পড়লেন সৌম্য।
 
এদিকে বিশ্বকাপে এনামুল হক বিজয় ইনজুরিতে পড়ার পর সৌম্য সরকারকে টপ অর্ডার থেকে ওপেনিংয়ে নিয়ে আসে টিম ম্যানেজম্যান্ট। ইমরুল কায়েসকেও একই সুযোগ দেয় বিসিবি। কিন্তু ওয়ানডেতে ইমরুল সেভাবে নিজেকে প্রমাণ করতে না পারায় বাদ পড়েন। এরপর থেকে তামিমের সঙ্গী হন সৌম্য।
 
ওপেনিংয়ে সুযোগ পেয়ে সৌম্য বেশ ভালোমতই নিজেকে মেলে ধরেন। ১৬ ওয়ানডেতে ৬৮২ রান করা সৌম্য ওপেনিংয়ে দশ ইনিংসে করেছেন ৪৯৯ রান। পাকিস্তানের বিপক্ষে ১২৭ রানের ইনিংসটিও খেলেছিলেন ওপেনিংয়ে নেমে।
 
সৌম্যর ইনজুরিতে আবারও সুযোগ পেলেন ইমরুল। জিম্বাবুয়ের বিপক্ষে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে ৫৬ রান করেন তিনি। জাতীয় দলের রঙিন জার্সি পড়ে আবারও নিজের জায়গায় ফেরার পরীক্ষায় খুলনার এই ওপেনার।