নির্বাচনে জিতলে প্রেসিডেন্টের উপরে থাকবো: সুচি

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ১৬:২৬
 
৮ নভেম্বর মিয়ানমারে ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচনে নিজ দল জয়ী হলেও বিদেশি নাগরিককে বিয়ে করার কারণে সংবিধান অনুযায়ী দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না বিরোধীদলীয় নেত্রী অং সাং সুচি। তবে সেই চিন্তায় হতাশ নন এই নেত্রী।
 
বৃহস্পতিবার ইয়াঙ্গুনে নিজ বাসভবনে নির্বাচনের আগে অনুষ্ঠিত শেষ সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি। প্রেসিডেন্ট হতে না পারার বিষয়ে শান্তিতে নোবেল জয়ী সুচি সহজভাবে স্মিত হেসে বলেন, ‘বার্তাটি খুব সহজ। সংবিধান বলে, প্রেসিডেন্টের উপরে কেউ হতে পারে না। কিন্তু আমি প্রেসিডেন্টের উপরে থাকবো।’
 

সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসি (এনএলডি) নির্বাচনে ভালো ফল করবে বলে ধারণা করা হচ্ছে। ১৯৯০ সালে সামরিক একনায়তন্ত্রের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে এনএলডি ব্যাপক জয় পেয়েছিল। ওই সময় সুচি গৃহবন্দী ছিলেন। তারপর থেকে পরবর্তী ২২ বছর ধরে টানা গৃহবন্দী ছিলেন তিনি। কিন্তু এবার প্রথম থেকেই মুক্তভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পেরেছেন।