নিরাপত্তা ও বিনিয়োগে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ১৬:৫২
 
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে ‘ব-দ্বীপ পরিকল্পনা’ বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। বুধবার সন্ধ্যায় নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের রাষ্ট্রীয় বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ ঐকমত্য হয় হয় এক যৌথ বিবৃতিতে জানানো হয়।
 
বৈঠকে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয়, ব্যবসা-বাণিজ্য, বেসরকারি খাতের উন্নয়ন, কৃষি, বন্দরের উন্নয়ন ও আইনের শাসন নিয়ে আলোচনা হয়। পরে শেখ হাসিনার সম্মানে নৈশভোজে পানি ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়।
 
যৌথ বিবৃতিতে বলা হয়, ঘনবসতিপূর্ণ এলাকার নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে  ‘ব-দ্বীপ পরিকল্পনা’ বাস্তবায়নে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন। ব-দ্বীপ অঞ্চলে থাকায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে পানি সম্পদের ব্যবস্থাপনাসহ অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার সুযোগ রয়েছে বলেও মত দেন তারা।
 
সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করতে গত জুনে দুদেশের মধ্যে ‘সমৃদ্ধ বাংলাদেশের জন্য জোরদার ও টেকসই ব-দ্বীপ ব্যবস্থাপনা’ বিষয়ে সমঝোতা স্মারক ও ‘বাংলাদেশে ভূমি পুনরুদ্ধার ও সংস্কারের ক্ষেত্রে’ আগ্রহপত্র সই হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
বাংলাদেশের ‘ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’ বাস্তবায়নে নেদারল্যান্ডসের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।
 
দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম, মূখ্য সচিব আবুল কালাম আজাদ, বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, নৌ পরিবহণ সচিব শফিক আলম মেহেদী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল।

খবর বিডিনিউজ টোয়েন্টিফোর.কমের।