বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ঢাকা সফররত দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপসহকারী মন্ত্রী উইলিয়াম টড স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে এ সন্তোষের কথা জানান।
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন দুই মন্ত্রী। এ সময় উইলিয়াম টড সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া পুলিশ-প্রকাশকসহ অন্যান্য হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেন।
ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সমপ্রতি যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তাতে আমরা শোকাহত। এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার যে ভূমিকা নিয়েছে, তাতে আমরা সন্তোষ প্রকাশ করছি।’
বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে উইলিয়াম টড জানান, তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এর বেশি আর কিছু বলতে রাজি হননি তিনি।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বৈঠকের বিষয়ে উইলিয়াম টড যা বলেছেন, তার বাইরে আমার অন্য কোনো বক্তব্য নেই।’ এ ছাড়া তিনি সামপ্রতিক হত্যাকাণ্ডের বিষয়ে শোক প্রকাশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
