শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটনের চতুর্থ দফায় জামিন আবেদনের শুনানির জন্য ৮ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলী আদালতে জামিনের আবেদন জানানো হলে অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউছুফ এ আদেশ দেন।
এমপি লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় বৃহস্পতিবার জামিনের জন্য আদালতে আবেদন করা হয়। আদালত আগামী ৮ নভেম্বর জামিন আবেদনের উপর শুনানির দিন নির্ধারণ করেছেন।
তিনি আরো জানান, গত বুধবার বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা আরেকটি মামলায় এমপি লিটনের জামিন মঞ্জুর করেছেন একই আদালত।
প্রসঙ্গত: গত ২ অক্টোবর এমপি লিটনের ছোড়া গুলিতে শিশু সৌরভ গুলিবিদ্ধ হয়। এছাড়া ওই দিনেই এমপি লিটন ও তার লোকজন উপজেলার শাহাবাজ গ্রামের হাফিজার মন্ডলের বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করেন বলে অভিযোগ উঠে। গত ৩ অক্টোবর রাতে এমপি লিটনকে একমাত্র আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া। গত ৭ অক্টোবর এমপি লিটনসহ ১০জনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করেন উপজেলার শাহাবাজ গ্রামের হাফিজার মন্ডল।
গত ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার বোনের বাসা থেকে এমপি লিটনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন গত ১৫ অক্টোবর তাকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ওই দিন দুপুরে তাকে গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলী আদালতে হাজির করা হয়। বিচারক জামিন আবেদন না মঞ্জুর কারাগারে পাঠানো নির্দেশ দেন। দ্বিতীয় দফায় গত ২৫ অক্টোবরও একই আদালত তার দু’টি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেন। তৃতীয় দফায় ০৪ নভেম্বর একই আদালত বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট মামলায় জামিন মঞ্জুর করেন এবং শিশু সৌরভ হত্যা মামলায় জামিন নামঞ্জুর করেন।
এমপি লিটন বর্তমানে গাইবান্ধা জেলা কারাগারে আছেন।
