নারীর ক্ষমতায়ন আরো সম্প্রসারণ করতে হবে : ডেপুটি স্পিকার

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ২০:৪০

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, অর্থনৈতিকভাবে সাবলম্বী করার মধ্য দিয়ে নারীর ক্ষমতায়নকে আরো সম্প্রসারণ করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত দু’দিনব্যাপী সমাজভিত্তিক সংগঠনসমূহের জাতীয় সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিশেষ করে হাওর, চর ও উপকূলীয় অঞ্চলের বসবাসরত দরিদ্র নারীদের অধিকার ও প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কাজ করছে।

ডেপুটি স্পিকার বলেন, রাষ্ট্রীয়ভাবে অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনধারণে সহযোগিতা করতে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারের পাশাপাশি সমাজভিত্তিক সংগঠনসমূহ উন্নয়নের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনে অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, অর্থনৈতিক ক্ষমতায়ন, নারীর নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়ন, কৃষি বিষয়ক সেবা, কারিগরী সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।

অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্নেহাল ভি সোনাজীর সভাপতিত্বে সমাপনী অধিবেশনে আরো বক্তৃতা করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর এবং সিবিও প্রতিনিধি রাশিদা বেগম, জয়া রাণী ও কোরবান আলী।

-বাসস