ফ্রি ডেন্টাল চেক-আপ!

আপডেট : ০৬ নভেম্বর ২০১৫, ১০:৩৭
বিনা পয়সায় দাঁতের চিকিত্সা এই যুগে বিরল। কিন্তু তানজানিয়ার একটি সাফারি পার্কে সম্প্রতি দেখা গেল এমন দৃশ্য। একটি জিরাফ দাঁত বের করে দাঁড়িয়ে আছে। আর বিনা ‘পারিশ্রমিকে’ তার দাঁতগুলো পরিস্কার করে দিচ্ছে একটি রেডবিল অক্সপেকার পাখি!
 
ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন রুশ পর্যটক ইউলিয়া সুন্দুকোভা। তিনি এমন একটি দৃশ্য দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি। পরে তার এই ছবি প্রকাশ করেছে বিশ্বের অনেক বিখ্যাত সংবাদমাধ্যম। তিনি জানিয়েছেন, পাখিটি এক ঘন্টার বেশি সময় ধরে ঠোঁকর মেরে মেরে জিরাফটির দাঁতের ‘পরিচর্যা’ করল। বিস্ময়কর ব্যাপার হলো লম্বা গলার এই পশুটি কখনো কখনো বিরাট হাঁ করে দাঁড়িয়ে ছিল আবার কখনো কখনো দাঁতগুলো একপাশে বের করে বসে ছিল। যখন বড় হাঁ করেছে তখন পাখিটি তার গোটা শরীর তার মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে ‘ডাক্তারি’ চালিয়ে গেছে। সুন্দকোভা বলেন, পাখিটি মুখের ভেতর থাকা অবস্থায় জিরাফ যদি মুখ বন্ধ করত তাহলে তার দন্ত চিকিত্সার সাধ চিরতরে ঘুঁচে যেত। কিন্তু কষ্ট হলেও পুরো সময় জিরাফটি হাঁ করে ছিল। তবে এই ডেন্টাল চেকআপ যে জিরাফটি পুরোটা উপভোগ করেছে তা মনে হয়নি বলে তিনি মন্তব্য করেন। তবে রসিকতা করে এও বলেন, দাঁতের ডাক্তারের সঙ্গ কে-ই বা উপভোগ করে বলুন তো! -ডেইলি মেইল