মুক্তবুদ্ধির লড়াইয়ে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে জানিয়ে পুরো বাংলাদেশকে পাশে চেয়েছেন সম্প্রতি হামলার শিকার শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল। এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিত্সাধীন এই প্রকাশক শুক্রবার সকালে কী-বোর্ডে নিজের আঙুল রাখার অনুভূতিকে বন্ধুর সঙ্গে হাত মেলানোর আনন্দের সঙ্গে তুলনা করেছেন।
সকাল আটটা ৩১ মিনিটে ফেইসবুকে টুটুল লেখেন, ‘শুভসকাল বাংলাদেশ। শুভসকাল মহাপৃথিবী। আবারো আঙ্গুল ছোঁয়া পেলো কী-বোর্ডের। এ যেন ঠিক বন্ধুদের সঙ্গে হ্যান্ডশেক করার আনন্দ।’
গত ৩১ অক্টোবর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে টুটুল এবং তার সঙ্গে থাকা ব্লগার তারেক রহিম ও রণদীপম বসুকে কুপিয়ে জখম করে তিন হামলাকারী। প্রায় একই সময় জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। জখম হওয়ার পর থেকে টুটুল, রহিম ও রণদীপম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।
এর আগে ছয়দিন পর বৃহস্পতিবার রাতে তিনি ফেসবুকে প্রথম স্ট্যাটাস দেন। রাত ১১টা ১ মিনিটে টুটুলের ফেইসবুকে ‘হাসপাতাল সিরিজ: ২’ শিরোনামে একটি কবিতা তোলা হয়। সেখানে তিনি লিখেছেন-
সমবেত ঘাসফুল
মন খারাপ করা হেমন্ত সন্ধ্যার শিশির,
আজ বইমেলার পরিবর্তে
শব্দ বাক্য অক্ষরের পরিবর্তে
আমরা আমাদের কেটে ফেলা আঙ্গুল
দুভাগ হওয়া মাথার খুলি, চোয়াল
রাজিব অভিজিত্ অনন্ত নীল
মেঝেতে শুকিয়ে থাকা দীপনের রক্ত আজ
আপনাদের চক্ষু, অন্তর্চক্ষুর সমীপে
আপনাদের বেদনার মর্মমূলে
হেমন্তের বইমেলার পরিবর্তে
এই উদ্বোধনের মঞ্চে
এই শূন্য মাইক্রোফোনের সামনে
পাবলিক লাইব্রেরির দেয়ালে দেয়ালে
পাতার মর্মরে
রাজপথে শাহবাগে
দেখুন, দয়া করে আপনারা শুধু দেখুন
