ফুলবাড়ি খনি বিরোধি আন্দোলন

এশিয়া এনার্জির অফিস ভাংচুরের ১ বছর পর মামলা গ্রহণ!

আপডেট : ০৬ নভেম্বর ২০১৫, ১৭:৪৭
 
এশিয়া এনার্জির দিনাজপুরের ফুলবাড়ি অফিস ভাংচুর ঘটনার প্রায় ১ বছর পর গত শনিবার (৩১অক্টোবর) কয়লাখনি বিরোধী ১৯ জন আন্দোলনকারির বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্তকারি কর্মকর্তা মো. শাহ আলম আদালতে এই চার্জসিট দাখিল করেছেন।
 
চার্জসিট ভুক্ত ১৯ জন হলেন, পৌর মেয়র ও কয়লাখনি বিরোধী আন্দোলনের সম্মিলিত পেশাজীবী সংগঠনের প্রধান সমন্বয়ক মুরতুজা সরকার মানিক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ি শাখার সদস্য আমিনুল ইসলাম বাবলু, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ি শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, সদস্য সচিব পৌর কাউন্সিলর জয়প্রকাশ গুপ্ত, সাবেক সদস্য সচিব এসএম নুরুজ্জামান জামান, এমএ কাইয়ুম, জারজিস আহম্মেদ, শফিকুল ইসলাম শিকদার, সঞ্জিত প্রসাদ জিতু, কমল চক্রবর্তী, হামিদুল হক, মোশাররফ হোসেন বাবু, নুরুজ্জামান বাবু আনসারী, সৈয়দ রায়হান উল আলম জেমি, মো. সোবহান, মেহেদী হাসান হিরা, মিজানুর রহমান, মো. মিলন ও সঞ্জয় গুপ্ত।
 
এদের মধ্যে আসন্ন ফুলবাড়ি পৌর নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী রয়েছেন। এরা হলেন, বর্তমান পৌর মেয়র ও কয়লাখনি বিরোধী আন্দোলনের সম্মিলিত পেশাজীবী সংগঠনের প্রধান সমন্বয়ক মুরতুজা সরকার মানিক, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ি শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল ও সাবেক সদস্য সচিব এসএম নুরুজ্জামান জামান।
 
মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, ২০১৪ সালের ২৬ নভেম্বর তারিখে এশিয়া এনার্জির ফুলবাড়ি অফিস ও গাড়ি ভাংচুরসহ মারপিট ঘটনার উদ্ধৃতি দিয়ে ১০জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০জনের বিরুদ্ধে একই বছরের ৮ ডিসেম্বর তারিখে এশিয়া এনার্জির মাঠ কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে একই বছরের ১৪ ডিসেম্বর তারিখে মামলাটি থানায় রেকর্ডভূক্ত করা হয়। মামলাটি দীর্ঘদিন তথ্য ও উপাত্ত সংগ্রহের মাধ্যমে ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় উল্লেখিত ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করা হয়েছে। 
 
পৌর মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, এশিয়া এনার্জির বিরুদ্ধে খনি বিরোধী আন্দোলন বন্ধ করার জন্য আন্দোলনকারি নেতৃবৃন্দের নামে এশিয়া এনার্জি মিথ্যা মামলা দায়ের করেছে। খনি বিরোধী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্যই এশিয়া এনার্জি এই ষড়যন্ত্র। তবে এলাকার জনগণ এর সমুচিত জবাব দেবে। 
 
তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ি শাখার তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ি শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল ও সদস্য সচিব জয় প্রকাশ গুপ্ত বলেন, শান্ত ফুলবাড়িকে অশান্ত করতেই এই চার্জসীট দাখিল করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে এশিয়া এনার্জির কোন ষড়যন্ত্রই সফল হবে না। 
 
উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ নভেম্বর এশিয়া এনার্জির কান্ট্রিডিরেক্টর গ্যারি লাই ফুলবাড়ি অফিসে অবস্থানসহ কোম্পানীর সুবিধাভোগীদের নিয়ে সভা করার সময় খনি বিরোধী আন্দোলনকারিরা এশিয়া এনার্জির অফিস অবরুদ্ধ করে। ঐ সময় বিক্ষুদ্ধ জনতা অফিস ও গাড়ি ব্যাপক ভাংচুর চালায়। প্রশাসনের সহায়তায় ঐদিন বেলা আড়াইটায় গ্যারি লাই ফুলবাড়ি ত্যাগ করেন।