রাশিয়ার বিধ্বস্ত বিমানে বোমা ছিল: যুক্তরাজ্য

আপডেট : ০৬ নভেম্বর ২০১৫, ১৯:২২
 
মিসরের সিনাইয়ে বিধ্বস্ত রাশিয়ার বিমানের ভেতরে বোমা ছিল বলে ধারণা করছে যুক্তরাজ্য। বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে যুক্ত দেশটির তদন্তকারীদের ধারণা, বিমানটি উড্ডয়নের কিছু আগে এর মালামাল রাখার যায়গায় বোমা পেতে রাখা হয়েছিল। খবর- বিবিসির।
 
গত শনিবার মিসরের শারম আল শেখ থেকে উড্ডয়নের কিছু পরই সিনাইয়ে বিধ্বস্ত হয় মেট্রোজেটের এয়ারবাস-৩২১। এতে বিমানে থাকা ২২৪ জনের সবাই নিহত হন যাদের বেশিরভাগই রাশিয়ার নাগরিক।
 
যুক্তরাজ্যের তদন্তকারীদের ধারণা বিমানটি ওড়ার আগেই এর কার্গো হোল্ডে বোমা পেতে রাখা হয়েছিল। সিনাইয়ের জঙ্গিদের যোগাযোগব্যবস্থা পর্যবেক্ষণ করে এসংক্রান্ত গোয়েন্দা তথ্য পাওয়ার কথাও জানিয়েছে দেশটি। বিমানের ব্যাগেজ কম্পার্টমেন্টের লোকজন বা তাদের সঙ্গে যোগসাজশ করে কেউ বিমানটিতে বোমা পেতে রাখেতে পারেন বলে তাদের ধারণা।
 
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিধ্বস্ত বিমানটিতে বোমা থাকার সম্ভাবনার কথা জানান। যুক্তরাষ্ট্রও বিষয়টির ওপর গুরুত্বের সঙ্গে নজর রাখছে বলে জানান তিনি।
 
তবে মিসর ও রাশিয়া বলেছে, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে চূড়ান্ত মন্তব্য করার সময় এখনো আসেনি।
 
ফের বিমানে হামলা হতে পারে সন্দেহে গত বুধবার থেকে শারম আল শেখ থেকে ফ্লাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাজ্য। সেখানে আটকে পড়া নাগরিকরা শুক্রবার থেকে দেশে ফিরতে পারবেন। তবে যাত্রাকালে তারা শুধুমাত্র হাতে বহনযোগ্য ব্যাগ সঙ্গে রাখতে পারবেন। ফ্রান্স ও বেলজিয়াম তাদের নাগরিকদের মিশরের অবকাশ যাপন কেন্দ্রটিতে জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার পরামর্শ দিয়েছে। অপরদিকে নেদারল্যান্ডস তার দেশের নাগরিকদের ওই বিমানবন্দর ব্যবহার করা থেকে বিরত থাকতে বলেছে।
 
এর আগে বিমান বিধ্বস্ত করার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল সিনাইয়ে ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী জঙ্গিরা। তবে তাদের দাবিকে ভিত্তিহীন দাবি করে বিবৃতি দিয়েছিল, মিসর।