সিরিয়া যুদ্ধে মাস্টার্ড গ্যাস ব্যবহার করা হয়েছে: ওপিসিডব্লিউ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৫, ২১:৫৬
 
সিরিয়া যুদ্ধে বিষাক্ত মাস্টার্ড গ্যাস ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অঙ্গ সংস্থা ওপিসিডব্লিউ। সংস্থাটির একটি গোপন রিপোর্টে এই বিষয়টি উঠে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওপিসিডব্লিউ বিশ্বব্যাপী রাসায়নিক অস্ত্র ব্যবহার বন্ধ করাতে কাজ করে।
 
গত আগস্টে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের মারিয়া শহরে ইসলামিক স্টেট (আইএস) ও সরকারবিরোধী বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের সময় এই গ্যাস ব্যবহার করা হয়। দেশটি রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করার ঘোষণা দেয়ার পর প্রথমবারের মতো এই বিষাক্ত গ্যাস ব্যবহারের নিশ্চিত প্রমাণ পাওয়া গেল।
 
রিপোর্টটিতে তারিখ হিসেবে ২৯ অক্টোবর লেখা রয়েছে। রিপোর্টের শেষে বলা হয়েছে, 'এটা সম্পূর্ণ নিশ্চয়তার সাথে বলা হচ্ছে যে, গত ২১ আগস্টে অন্তত দুজন ব্যক্তি আলেপ্পোর উত্তরের শহর মারিয়ায় সালফার মাস্টার্ড গ্যাসের সংস্পর্শে আসেন। এর প্রভাবে এক শিশু মারা গেছে, এমন কথা প্রায় নিশ্চয়তার সঙ্গে বলা যায়।'
 
এর আগে সিরিয়া সরকার তার মাস্টার্ড গ্যাসের মজুদ ধ্বংস করার ঘোষণা দিয়েছিল। রিপোর্টে সরাসরি আইএস'র নাম উল্লেখ না থাকলেও কূটনৈতিক সূত্রে জানানো হয়, বিদ্রোহী ও আইএস'র মধ্যে লড়াই চলার সময় এই অস্ত্র ব্যবহার করা হয়। সূত্র: আল জাজিরা