পাকিস্তানকে দিবা-রাত্রির টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার আমন্ত্রণ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১০:৪৭

পাকিস্তান ক্রিকেট দলকে দিবা-রাত্রির একটি টেস্ট ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০১৬-১৭ মৌসুমে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরের সময় উপ-মহাদেশের দলটিকে একটি দিবা-রাত্রির ম্যাচ খেলার জন্য সিএ’র পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) একটি সূত্রে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছে, আগামী বছরের সফরে নির্ধারিত তিন টেস্টের মধ্যে একটি ম্যাচ ফ্লাড লাইটে খেলার জন্য বোর্ড প্রধান নির্বাহী সুবহান আহমেদের কাছে একটি চিঠি লিখেছেন সিএ প্রধান জেমস সাদারল্যান্ড।

এ মাসের শেষ দিকে এডিলেডে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি দিবা-রাত্রির ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত ইতোমধ্যেই নিয়েছে সিএ।

একটি সূত্র জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ার আমন্ত্রণের বিষয়টি নিয়ে আলোচনা করবে পিসিবি। তবে গোলাপি অথবা কমলা রঙ্গের বল দিয়ে একটি টেস্ট খেলার পরিকল্পনা আগেই পিসিবির মাথায় ছিল।’

পিসিবিও ঘরোয়া কায়েদ এ আজম ট্রফির ফাইনালে পাঁচ দিনের ম্যাচটি ফ্লাড লাইটে আয়োজনের কথা ভাবছে বলে জানান তিনি।

পাকিস্তানই পরীক্ষামূলকভাবে প্রথম দেশ হিসেবে দিবা-রাত্রির ম্যাচ আয়োজনের কথা চিন্তা করেছে। ইতোপূর্বে দু’বার কায়েদ-এ আজম ট্রফির ফাইনাল ম্যাচ ফ্লাড লাইটে আয়োজন করেছে।

সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া টেস্ট সিরিজে দর্শক সমাগম না হওয়ায় পাকিস্তানও দিবা-রাত্রির টেস্ট আয়োজনের কথা ভাবছে।

সূত্রটি জানায়, ‘পাকিস্তান যেহেতু ২০১০ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে নিজেদের হোম সিরিজ আয়োজন করতে বাধ্য হচ্ছে, তাই এটা এখন একদম পরিস্কার যে, মধ্যপ্রাচ্যে দিবা-রাত্রির টেস্ট হলে দর্শক খড়া কাটতে পারে।’

দুই বছর আগে শারজাহ অথবা দুবাইতে একটি দিবা-রাত্রির টেস্ট খেলার জন্য শ্রীলংকাকে আহ্বান জানিয়েছিল পাকিস্তান। কিন্তু শ্রীলংকা অস্বীকার করেছিল।
টেস্ট ক্রিকেটে দর্শক সমাগম কমতে থাকায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) দিবা-রাত্রির টেস্ট আয়োজনে উৎসাহ যোগাচ্ছে।