আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। শনিবার ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এসময় তিনি এই ইঙ্গিত দেন।
মওদুদ আহমদ বলেন, পৌরসভা নির্বাচনের বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত এখনো নেইনি। দলীয় ফোরামে একটা সিদ্ধান্ত হবে। আমি আশা করছি, আমাদের নেত্রী খুব শিগগির ফিরে আসবেন এবং এই বিষয়ে আমরা একটি বাস্তবমুখী সিদ্ধান্ত নেব। খুব সম্ভবত আমরা নির্বাচনে যাব।
তিনি বলেন, গত চারটি সিটি করপোরেশন নির্বাচনে আমরা অংশ নিয়েছি। এরপর ঢাকার দুই সিটি নির্বাচনে অংশ নিয়েছি এবং সরকারের ব্যবহার দেখেছি। সে ব্যবহার অব্যাহত থাকলে তা আমাদের প্রতিহত করতে হবে।
লন্ডনে থেকে বিএনপি চেয়াপারসন করে ফিরবেন-এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি- কখন আমাদের নেত্রী চিকিত্সা শেষ করে সুস্থভাবে আমাদের মাঝে ফিরবেন।
এসময় বিএনপি নেতা নজরুল ইসলাম খান, মাহবুবুর রহমান, শামসুজ্জামান দুদু, শামা ওবায়েদ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।
