বিপিএলের থিমসং গাইলেন কুমার বিশ্বজিৎ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১৫:৩৩
 
দেশিয় ক্রিকেটের অন্যতম বড় আসর বিপিএলের থিম সং গাইলেন দেশের কিংবদন্তী শিল্পী কুমার বিশ্বজিৎ। তিনি ছাড়াও এবারের থিম সং-এ কণ্ঠ দিলেন বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী কনা, কোণাল, লিজা এবং তাসনুভ।
 
'এই দেশেতে ষোলকোটি মানুষই ক্রিকেটমনা/কে জানেনা পৃথিবীতে, আমাদের উন্মাদনা'- এমন কথায় বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট ঐতিহ্যকে তুলে ধরে বিপিএলের থিমসংটি লিখেছেন ইশতিয়াক আহমেদ। আহমেদ সোহাইল এবং তাসনুভ নাওয়াল রহমানের সুর এবং সঙ্গীতে গানটি তৈরি হয়েছে স্টুডিও মগ্নতে।
 
শিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, বিভিন্ন উপলক্ষে আমি নতুন নতুন গান গাইছি, এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! এই গানটি ষোল কোটি মানুষের জন্য। গানটি সবার ভালো লাগবে আশা করি।
 
শিল্পী কনা, কুনাল এবং লিজা তিনজনই গানটি নিয়ে খুব উচ্ছসিত। তারা বলেন, আমরা ক্রিকেটপ্রেমি জাতি। ক্রিকেটের এতো বড় আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত। গানটির কথা, সুর এবং সঙ্গীত আয়োজন খুবই ভালো হয়েছে। গানের ভেতর কিছু চমক সবার হৃদয় ছুঁয়ে যাবে আশা করি।
 
উল্লেখ্য, গত সপ্তাহে স্টুডিও মগ্নতে গানের কণ্ঠধারণের কাজ সম্পন্ন হয়েছে। গানটি অচিরেই প্রচার শুরু হবে সর্বত্র। আর ভিডিও চিত্রায়নের পরই সবগুলো টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।