‘নারীদের নেতৃত্বের গুণাবলি নিতে এগিয়ে আসতে হবে’

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১৮:২৭
‘শুধু নারী নেতৃত্বের দাবি করলেই হবে না, নারীদেরকে এগিয়ে আসতে হবে নেতৃত্বের গুণাবলি নিয়ে এবং এগিয়ে যেতে হবে সামনের দিকে।’
 
শনিবার বেলা ১২টায় অপরাজিতা সুফিয়া কামাল ফেলোদের উদ্যোগে ঝালকাঠি সার্কিট হাউজে স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্টের আয়োজনে অপরাজিতা সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ মন্তব্য করেন। এতে জেলা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সম্মেলন কমিটির আহ্বায়ক ইসরাত জাহান সোনালী সভাপতিত্ব করেন।
 
শিল্পমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের দেশের নারীরা অনেক বলিষ্ট ভূমিকা রেখেছিলেন। ইতিহাসের পাতায় আজো তাদের নাম লেখা রয়েছে। এসব নারীকে কখনো নেতৃত্বের দাবি করতে হয়নি। আন্দোলনের পাকে পাকে তারা বেরিয়ে এসেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে পুরুষদের চেয়েও তারা বলিষ্ট ভূমিকা রেখেছেন।’
 
নারী নেতৃত্বে সরকারের প্রাধান্যের কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সাল থেকে বাবার নামের পাশাপাশি মায়ের নাম লেখার বাধ্যতামূলক আইন পাশ করেন।
 
এতে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহআলম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লা পনির, পৌর মেয়র আফজাল হোসেন, উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান ও আয়োজক সংস্থাটির নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার উপস্থিত ছিলেন।