'খুনী খালেদা জিয়ার সঙ্গে কোন সংলাপ নয়'

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১৮:৫৭

যার হাতে রক্তের দাগ, সেই জঙ্গী ও সন্ত্রাসের নেত্রী খুনী খালেদা জিয়ার সঙ্গে কোন সংলাপ হবেনা বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শনিবার তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার এক ভয়ংকর নেশা হচ্ছে মানুষ হত্যা করা। তার স্বামী জিয়াউর রহমানের মতো তারও রক্ত না দেখলে ঘুম আসেনা। তাই তিনি মানুষ পোড়ানোর হুকুম দেন, মুক্ত চিন্তার মানুষ কুপিয়ে মেরে দেশকে পাকিস্তান বানাতে চান।
 
খালিদ মাহমুদ বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশকে পেছনে ঠেলে দিতে চান খালেদা জিয়া। বিদেশি হত্যা করে পরিস্থিতি ঘোলা করে আজকে উনি সংলাপের ডাক দিচ্ছেন। প্রধানমন্ত্রী যখন সংলাপের জন্য ফোন করেছিলেন তখন সাড়া দেননি কেন? দেশ এখন উন্নয়নের বিশ্বরোডে। আর পেছনে ফেরার সুযোগ নেই। দেশের উন্নয়ন ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সকলকে শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান খালিদ।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অ্যাড. সফুরা বেগম এমপি, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সাধারণ সম্পাদক মো. জাফর আলী। সম্মেলনে সব কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার পুনরায় নির্বাচিত হন।