আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশ পরিপূর্ণভাবে নিরক্ষরমুক্ত হবে বলে জানালেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, 'চল্লিশ বছর আগে দেশের মোট জনগোষ্ঠীর মাত্র ১৭ ভাগ অক্ষরজ্ঞান সম্পন্ন ছিলো, আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ ভাগে। আগামী ১০ বছর পরে এদেশে কোন কৃষক, ট্যাক্সি-ড্রাইভারসহ কাউকেই নিরক্ষর হিসেবে খুঁজে পাবেন না।'
মন্ত্রী আজ ঢাকা কমার্স কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রজত জয়ন্তীতে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তিনি বলেন, 'শিক্ষাক্ষেত্রে প্রাথমিক লক্ষ্য ছিলো সবাইকে বিদ্যালয়ে নিয়ে আসা। এ কাজটি সফলভাবেই সম্পন্ন হয়েছে। এখন চ্যালেঞ্জ হচ্ছে ঝরে পড়া শিক্ষার্থী কমানো এবং শিক্ষার মান বাড়ানো। বর্তমান সরকার সবাইকে সাথে নিয়ে এ দুটো কাজ যথাসাধ্য করে যাচ্ছে।'
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুস্তফা কামাল বলেন, 'আমার জীবনের সব স্বপ্ন আগামী প্রজন্মকে নিয়ে। আমি সবসময় এটা বিশ্বাস করি, যে কাজ আমরা করতে পরিনি, সে কাজ আগামী প্রজন্ম করে দেখাবে।'
তিনি বলেন, 'নতুন প্রজন্মকে সবসময় নিজের সক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে। মনে রাখতে হবে পরাজয় ক্ষণস্থায়ী। একবার বিজয়ী হলে শত পরাজয়ের গ্লানি শেষ হয়ে যায়। একইসাথে এটাও মনে রাখতে হবে জ্ঞান ও সততা দিয়েই বিজয় আসে।'
কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিকের সভাপতিত্বে ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু সাইদ, সরকারের সাবেক সচিব এ এফ এম সারওয়ার কামাল, কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর কাজী মো. নুরুল ইসলাম ফারুকী, গভর্নিং বডির সদস্য মো. আবু সালেহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বাসস।
