গ্রিনপিসের কার্যক্রম চালানোর অনুমোদন বাতিল করেছে ভারত সরকার। এর ফলে দেশটিতে পরিবেশবাদী সংস্থাটি আর কার্যক্রম চালাতে পারবে না। এর আগে নরেন্দ্র মোদী সরকার গ্রিনপিসের বিরুদ্ধে ভারতের কর সংক্রান্ত আইন লঙ্ঘন ও উন্নয়নবিরোধী অবস্থান নেয়ার অভিযোগ তুলেছিল।
পরিবেশবাদী এই প্রেসার গ্রুপটি গত ১৪ বছর থেকে ভারতে কার্যক্রম পরিচালনা করছে। সেখানে তিনশর বেশি মানুষ গ্রিনপিসে কর্মরত রয়েছেন। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে ভারতে এনজিও ও দাতব্য সংস্থাগুলোর কার্যক্রমে বাধা সৃষ্টি করার অভিযোগ রয়েছে মোদী সরকারের বিরুদ্ধে।
সরকারের সর্বশেষ এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে গ্রিনপিস। দেশের বাইরে থেকে অনুদান সংগ্রহের ব্যাপারে সরকারের নিষেধাজ্ঞা সফলতার সঙ্গে মোকাবেলার পর কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
গ্রিনপিসের অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক ভিনুতা গোপাল বলেছেন, 'আমাদের আইনগত ভিত্তির ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আইনি প্রক্রিয়ার ব্যাপারে আমাদের আস্থা ও নিষেধাজ্ঞা মোকাবিলা করতে আত্মবিশ্বাস রয়েছে।' সূত্র: বিবিসি
