তিনদিনেই হারলো দক্ষিণ আফ্রিকা

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ২১:৫৭
মোহালির স্পিনিং উইকেটে তিন দিনেই শেষ হয়ে গেলে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। অশ্বিন ও জাদেজার স্পিনে নাস্তানাবুদ হয়ে ১০৮ রানে হেরেছে প্রোটিয়ারা।
 
লো স্কোরিং এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ২১৮ রানের টার্গেট দিয়েছিল ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১০২ রানে অলআউট হয়েছে এবি ডি ভিলিয়ার্সের দল। মোহালির পাঞ্জাব ক্রিকেট স্টেডিয়ামে সদ্য সমাপ্ত এই টেস্টে শনিবার ছিল ম্যাচের তৃতীয় দিন।
 
শুক্রবার ২ উইকেটে ১২৫ রান নিয়ে দিন শেষ করা ভারতীয়দের দ্বিতীয় ইনিংস শনিবার গুটিয়ে গেছে ২০০ রানে। প্রথম ইনিংসে তারা লিড পেয়েছিল ১৭ রানের। ফলে ম্যাচ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট দাঁড়িয়েছে ২১৮ রানের। দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেছেন চেতেশ্বর পূজারা। কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে বাকি ব্যাটসম্যানদের কেউই সফল হতে পারেননি। অতিথিদের দুই স্পিনার ইমরান তাহির ও সিমন হারমার ৪টি করে উইকেট নিয়েছেন।
 
IMG0
 
জয়ের লক্ষ্য ছোট হলেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং নেমে ভারতীয় স্পিনারদের হাতে নাকাল হয়েছেন  দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের। সাজঘরে যাওয়া আসার মিছিলে শামিল হয়েছেন তারা। ভ্যান জিল প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। কিন্তু ব্যক্তিগত ৩৬ রানেই তাকে থামিয়েছেন ভারতের স্পিন তারকা রবিচন্দ্রন অশ্বিন। এরপর আর কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানই উইকেটে থিতু হওয়ার সুযোগ পাননি ভারতীয় স্পিনারদের দাপটে। জাদেজা ২১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। আর অশ্বিন ৩ উইকেট নিয়েছেন ৩৯ রান খরচায়। এই জয়ে ৪ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ক্রিকইনফো।