ইসরাইলি বাহিনীর গুলিতে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারীসহ দুইজন নিহত হয়েছেন। খবর আলজাজিরার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরগুলোতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকালে পশ্চিম তীরের হেবরন এলাকার হালহুল শহরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষ চলাকালে হঠাত্ করেই তারা গুলি ছুড়তে থাকলে মারা যান ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। নিহত ওই নারীর নাম তাওরাত আশরাবি।
তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে—তিনি গাড়ি চালাচ্ছিলেন এবং শহরের এক পেট্রোল পাম্পে নিজের গাড়িতে তেল ভরতে গিয়ে গুলিবিদ্ধ হন।
তবে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ওই ফিলিস্তিনি নারী গুলিবিদ্ধ হওয়ার আগে তার গাড়িটি সোজা সেনাদের দিকে নিয়ে আসছিলেন। ফলে তারা গুলি ছুড়তে বাধ্য হয়।
এ ছাড়া, একই দিন খান ইউনুস এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন আরো এক ফিলিস্তিনি যুবক। ২৩ বছর বয়সী ওই যুবকের নাম সালামেহ আবু জামা। খান ইউনুসে বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং গুলি ছোড়ে ইসরাইলি সেনারা। তাদের গুলিতে একজন নিহত হওয়া ছাড়াও আরো ৩৮ জন আহত হয়েছে।
