ভবিষ্যত্ প্রযুক্তির জন্য নিজেই স্মার্টফোন চিপ তৈরি করবে গুগল

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ০২:৪৩

বিশ্বব্যাপী স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির বাজারের প্রায় ৮০ শতাংশই দখল করে রেখেছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম তাদের প্রতিদ্বন্দ্বী হলেও বিশ্বব্যাপী জনপ্রিয়তায় যোজন যোজন এগিয়ে রয়েছে অ্যান্ড্রয়েড। নতুন নতুন প্রযুক্তি প্রবণতার সাথে তাল মিলিয়ে রেখে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেও যুক্ত হয়ে চলেছে নতুন নতুন ফিচার। তবে ভবিষ্যতের ভার্চুয়াল রিয়েলিটি বা অগমেন্টেড রিয়েলিটির জন্য স্মার্টফোন এখনও উপযুক্ত হয়ে ওঠেনি। গুগল মনে করে, তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এ ধরনের ভবিষ্যতের প্রযুক্তির জন্য উপযুক্ত হলেও এর জন্য হার্ডওয়্যার কনফিগারেশন ততটা উপযুক্ত নয়।

 

এই সীমাবদ্ধতা অতিক্রম করতে শেষ পর্যন্ত গুগল নিজেই স্মার্টফোন চিপ তৈরি পরিকল্পনা করেছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন গুগলের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এমন খবরই জানিয়েছে। তাদের খবরে বলা হয়েছে, এর মধ্যেই গুগল বেশকিছু চিপ নির্মাতার সাথে এই বিষয়ে কথা বলেছে এবং তাদের সাথে ভবিষ্যত্ প্রজন্মের স্মার্টফোনের হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে নিজেদের চিন্তা-ভাবনা শেয়ার করেছে। তাছাড়া বৈচিত্র্যময় সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে ফিচারের যে ব্যাপক পার্থক্য রয়েছে, সেগুলোর মধ্যে সমন্বয় নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে গুগলের।

 

দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, গুগল মনে করছে আসছে দিনের সবচেয়ে চমকজাগানো প্রযুক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর)। গেমিং বিশ্বে এই দুই প্রযুক্তির ব্যবহার এর মধ্যে শুরু হয়ে গেলেও স্মার্টফোনে এখনও পর্যন্ত এই প্রযুক্তির দেখা মেলেনি। কিন্তু আসছে দিনগুলোতে স্মার্টফোনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে এই দুই প্রযুক্তি। কিন্তু তার জন্য হার্ডওয়্যার কনফিগারেশনের দিক থেকে স্মার্টফোন এখনও উপযুক্ত হয়ে উঠতে পারেনি।

 

গুগল তাদের প্রজেক্ট ট্যাঙ্গোর মাধ্যমে স্মার্টফোনে এআর ও ভিআর প্রযুক্তির সংযোজন নিয়ে কাজ করে যাচ্ছে। সেই প্রকল্পের অংশ হিসেবেই এবারে তারা নিজেরাই চিপ নির্মাণের জন্য প্রয়োজনীয় সবকিছু করার উদ্যোগ নিয়েছে। এর আগে অ্যাপলও তাদের আইফোনের জন্য নিজেরাই চিপ তৈরিতে এগিয়ে এসেছিল। অ্যাপল বরাবরই আইফোনে এআরএমের চিপ ব্যবহার করলেও আইফোন ৫ তৈরির সময় তারা নিজেরাই এআরএমকে এ৬ চিপের ডিজাইন করে দেয়। গুগলও ঠিক একই রাস্তায় হাঁটতে যাচ্ছে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।