‘যার হাত দিয়ে খুন হয় তার সঙ্গে বসার ইচ্ছে নেই’

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১২:৪০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যখন সুখে আছে তখনই হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এগুলো আর্টিফিসিয়ালি করা হচ্ছে। বাংলাদেশের মানুষ এমন না। ইমামবারাতে শিয়া-সুন্নি সংঘর্ষ লাগানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের কাছে বেশকিছু তথ্য এসেছে। এসব ব্যাপারে অর্থায়ন ও নির্দেশনা আমরা খুঁজে দেখছি। তিনি বলেন, আমরা বেতন বৃদ্ধি করলাম। মাথাপিছু আয় ৬০০ ডলার থেকে ১৪০০ তে উন্নীত করেছি।
 
বিএনপির জাতীয় ঐক্যমতের প্রস্তাবে প্রধানমন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, রাজনীতি করলেও আমি মানুষ। কাউকে যদি মুখের ওপর দরজা বন্ধ করে দেয়া হয় তাহলে আপনি কী তার কাছে যাবেন। কেউ যদি ফোনে ঝারি মারে তাহলে কী আপনি কথা বলবেন? আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি তাকে (খালেদা জিয়া) ফোন করি। তার ছেলে মারা গেলো, আমি গেলাম তিনি আমাকে ঢুকতে দিলেন না। একজন খুনির সঙ্গে আমাকে বসতে হবে। যার হাত দিয়ে মানুষ খুন হয় তার সঙ্গে বসার ইচ্ছে নেই।
 
রবিবার বেলা সাড়ে ১১টায় গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সদ্য সমাপ্ত নেদারল্যান্ড সফরের অর্জন ও সফলতা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনদিনের সফর শেষে গত শুক্রবার বিকালে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।
 
প্রধানমন্ত্রী বলেন,  বাংলাদেশে আইএস আছে। এটা যদি স্বীকার করানো যায় তবে বাংলাদেশে হামলে পড়তে সুবিধা হবে। অনেকে এই ধরনের চিন্তা করছে। বাংলাদেশ অনিরাপদ হয়ে পড়েছে এই স্বীকৃতি আদায় করতে পারে তাহলে কী হবে ভাবতে পারেন। সিরিয়া, পাকিস্তান, শিরের মতো আমাদের সর্বনাশ করতে ষড়যন্ত্র রয়েছে। আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে।
 
‘একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করছে। বিশ্বেও এটা হচ্ছে। কেন এটা হবে। এর পেছনে কে আছে। সুতাটা কার হাতে?’
তিনি বলেন, হত্যাকাণ্ডগুলো কী বিচ্ছিন্ন ঘটনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আপনারা কী আমেরিকাকে জিজ্ঞেস করতে পারবেন। প্রতিদিন প্রতি মিনিটে একবার খোঁজ করে দেখেন। তুলনা করে দেখন। সে তুলনায় আমি বলবো বাংলাদেশ মোটেই অনিরাপদ নয়।
 
‘ডেল্টা প্ল্যান অনেক আগেই গ্রহণ করেছি। তবে চাক্ষুষ প্রমাণ পেয়ে কাজ করা হচ্ছে বড় কথা। আমাদের আছে ১২০০ নদী। আরো ছোট ছোট নদীগুলোকে ড্রেজিং করার আওতায় আনতে হবে। আমাদের সম্ভাবনা নেদারল্যান্ডস এর চেয়ে ভালো বলে মনে করি। আমরা যে বিশাল সমুদ্র সীমা পেয়েছি সেটাকে কাজে লাগাতে হবে।’
 
তিনি বলেন, আমাদের পরিকল্পনা চলমান থাকবে। অনেক পরিকল্পনা রয়েছে আমাদের।
 
প্রধানমন্ত্রী বলেন, নেদারল্যান্ডস এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উষ্ণ ও আন্তরিক। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার জন্য তাকে অনুরোধ করি।
 
উল্লেখ্য, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে গত মঙ্গলবার এই সফরে যান প্রধানমন্ত্রী। এ সফরে ইউরোপের দেশটির সঙ্গে চারটি চুক্তি সই হয়েছে।