পাকিস্তানের আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তরপশ্চিমাঞ্চলে বিমান হামলায় ১৫ জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান সশস্ত্র বাহিনী জঙ্গিদের অবস্থানের ওপর এ হামলা চালিয়েছে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের গোলযোগপূর্ণ তিরাহ উপত্যকায় এ বিমান হামলা চালানো হয়। তিরাহ উপত্যকায় তালেবানসহ স্থানীয় কিছু উগ্রবাদী গোষ্ঠী তৎপর রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, সুনির্দিষ্ট এ বিমান হামলায় অন্তত ১৫ জঙ্গি নিহত এবং অনেকে আহত হয়েছে। এ ছাড়া উগ্রবাদীদের তিনটি আস্তানা ধ্বংস করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় জঙ্গিবাদ বিরোধী অভিযান জোরদার করেছে। গত বছর জুনে করাচি আন্তর্জাতিক বিমান বন্দরে হামলার জেরে তালেবানপন্থি জঙ্গিদের সঙ্গে পাকিস্তান সরকারের শান্তি আলোচনার ইতি ঘটে। ইয়াহু নিউজ।
