মোদীর সফরের পর কাশ্মীরে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১৮:০২
ভারত-শাসিত কাশ্মীরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের পর সরকারি নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। শনিবার কাশ্মীরের শ্রীনগর শহরের এ ঘটনায় এক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। 
 
বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এতে গওহর আহমেদ দার নামের ১৮ বছর বয়সী এক বিক্ষোভকারী আহত হন, পরে হাসপাতালে মারা যান তিনি। এই ঘটনার জন্য এক বিবৃতিতে পুলিশ দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। জেলা হাকিম ফারুক আহমেদ একজন হাকিমের নেতৃত্বে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। গওহর আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শ্রীনগরের পথে পথে বিক্ষোভ আরো তীব্র হয়ে ওঠে।
 
মোদীর সফরের সময় নিরাপত্তার চাদরে কাশ্মীরকে প্রায় ঢেকে ফেলা হয়। এতে জনজীবন স্থবির হয়ে পড়ে।
 
IMG0
 
সফরে দেওয়া ভাষণে মোদী বলেন, তিনি ‘নতুন’ ও ‘শক্তিশালী’ একটি কাশ্মীর গড়ে তুলতে চান। রাজনৈতিক বিষয়ে বেশি কথা না বলে মোদীর ভাষণে উন্নয়ন গুরুত্ব পায়। তিনি কাশ্মীরের জন্য এক হাজার ২০০ কোটি ডলার বরাদ্দের অঙ্গীকার করেন।
 
তবে কাশ্মীরের সমস্যাকে রাজনৈতিক অভিহিত করে শুধু অর্থনৈতিক উপায়ে এর সমাধান করা সম্ভব নয় বলে দাবি করেছেন অঞ্চলটির বেশ কয়েকজন নেতা। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, কাশ্মীর ইস্যুকে রুপিতে মেপে প্রধানমন্ত্রী মোদী পুরনো ভুলের পুনরাবৃত্তি করলেন। সূত্র: বিবিসি।