বিএনপি নেতা মান্নানের জামিন মঞ্জুর

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১৬:৫৩

গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মান্নানকে নাশকতার দুই মামলায় ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রবিবার এ আদেশ দেয়।

পাশাপাশি এই দুই মামলায় কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে আদালত। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে মান্নানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন এডভোকেট কে এম মাসুদ রানা।

মাসুদ রানা সাংবাদিকদের জানান, মান্নানের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই। তিনি বলেন, চলতি বছরের ২ ফেব্রুয়ারি আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়। টঙ্গী ও কালিয়াকৈর থানায় দুই মামলায় রবিবার আদালত তার জামিন মঞ্জুর করে। তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে ১৫টি মামলায় তিনি এর আগে জামিন পান। বাকি দুটি মামলায়ও আজ জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।