সিরিয়ায় অপহৃত ৩৭ খ্রিস্টানকে মুক্তি দিয়েছে আইএস

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১৮:১৩
 
সিরিয়ায় অপহৃত ৩৭ জন অ্যাসিরীয় খ্রিস্টানকে মুক্তি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। প্রায় আট মাস আগে দুই শতাধিক অপহৃতদের মধ্য থেকে তাদের মুক্তি দেয়া হল। মুক্তদের অধিকাংশই নারী।
 
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মুক্তি পাওয়াদের মধ্যে ২৭ জন নারী ও ১০ জন পুরুষ। এদের প্রায় সবাই বয়সে বৃদ্ধ। মুক্তি পাওয়ার পর শনিবার সকালে তারা উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকেহ রাজ্যের তাল তামর শহরে এসে পৌঁছে।
 
গত ফেব্রুয়ারিতে হাসাকেহ প্রদেশের খাবুর এলাকা দখলের সময় এদের অপহরণ করেছিল জঙ্গি সংগঠনটি। ধারণা করা হচ্ছে, ওইসময় অপহৃতদের মধ্যে ১৪০ থেকে ১৫০ জন অ্যাসিরীয় এখনো আইএস'র হাতে বন্দী রয়েছেন।
 
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, চার্চের সঙ্গে আলোচনা সাপেক্ষে এদের মুক্তি দেয়া হয়েছে। তবে অন্যান্য রিপোর্টে জানা যাচ্ছে, মুক্তিপণের বিনিময়ে এই ৩৭ জনকে মুক্তি দিয়েছে আইএস। সূত্র: এএফপি