প্যারিস মাস্টার্সের ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ ও ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। শনিবার সেমিফাইনালে জকোভিচ সুইজারল্যান্ডের স্ট্যান ওয়ারিঙ্কাকে ৬-৩, ৩-৬, ৬-০ গেমে এবং মারে স্প্যানিশ ডেভিড ফেরারকে ৬-৪, ৬-৩ গেমের সরাসরি সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।
নয়টি মাস্টার্স সিরিজের মধ্যে বছরের সর্বশেষ মাস্টার্স টুর্নামেন্ট হলো এই প্যারিস মাস্টার্স। ইতোমধ্যেই জকোভিচ এই টুর্নামেন্টে পাঁচবার ও মারে জিতেছেন দু’বার। এই নিয়ে টানা তৃতীয়বারের মত প্যারিস মাস্টার্সের ফাইনালে উঠলেন জকোভিচ।
ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে এই প্যারিসেই গত জুনে ওয়ারিঙ্কার কাছে হেরে শিরোপা জিততে ব্যর্থ হয়েছিলেন জকোভিচ। কালকের ম্যাচে জয়ের পাশাপাশি তাই মধুর একটি প্রতিশোধও নিয়ে নিয়েছেন বিশ্বের এক নম্বর তারকা। রোলা গারোতে হারের ফলে ২৮ বছর বয়সী সার্বিয়ান তারকা আবারো এই একটি মাত্র গ্র্যান্ড স্ল্যামের শিরোপার স্বাদ থেকে বঞ্চিত হয়েছেন। চলতি বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জয় করে একে একে উইম্বলডন ও ইউএস ওপেনের শিরোপা ঘরে তোলার পরে ডন বাজ ও রড লেভারের পরে তৃতীয় খেলোয়াড় হিসেবে বছরের সবকটি গ্র্যান্ড স্ল্যামের শিরোপাও তাই জেতা হয়নি জকোর। বাসস।
