প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সৈয়দ মহসিন আলী একজন শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন সংস্কৃতিমনা মানুষ। তিনি আজ সংসদে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে আনীত শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, 'সৈয়দ মহসিন আলী গরীব অসহায় বিশেষ করে প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সবসময় সচেষ্ট ছিলেন। সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব দিয়ে মনে হয়েছে, একজন উপযুক্ত মানুষের কাছেই দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু দেশের মানুষ বেশি দিন তার সেবা নিতে পারেনি।'
শেখ হাসিনা বলেন, মৌলভীবাজারে নিজ এলাকায় তিনি ছিলেন একজন জনপ্রিয় মানুষ। তাই পৌরসভা থেকে শুরু করে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন ওই এলাকার মানুষের ভোটে। তিনি বলেন, একজন সঙ্গীতপ্রেমি মানুষ সৈয়দ মহসিন আলী বেতারের নিয়মিত শিল্পী ছিলেন, সমসাময়িক সকল গান তার সংগ্রহে ছিল।
প্রধানমন্ত্রী বলেন, মহসিন আলী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি একজন দরদী মানুষ ছিলেন। মানুষকে খাওয়াতে ও দু’হাতে দান করতে ভালবাসতেন। তিনি বলেন, এরকম একজন মানুষ এতো অল্প বয়সে চলে যাওয়া সত্যিই দুঃখজনক। তার কাছ থেকে দেশের মানুষের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক কিছু পাওয়ার ছিল।
প্রধানমন্ত্রী বলেন, মহসিন আলী একজন খোলা মনের উদার ও সাংস্কৃতিমনা মানুষ ছিলেন। সমাজের সাধারণ নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা অর্থবহ করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বেঁচে থাকলে হয়তো এই কাজগুলো আরো সহজ হতো। প্রধানমন্ত্রী সৈয়দ মহসিন আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বাসস।
