নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম হত্যা মামলা অভিযোগ গঠনের শুনানির জন্য জেলা জজকোর্টে পাঠানো হয়েছে। সোমবার সকালে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম আদালতের বিচারক আশিক ইমাম এই আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, জজকোর্টেই এই মামলার অভিযোগ গঠন হবে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ এই মামলায় গ্রেফতার ২২ আসামিকে এদিন হাজিরার জন্য আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠান।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা করেন। মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
