ময়মনসিংহের মুক্তাগাছায় স্কুল ছাত্র ফরহাদ (৮) হত্যা মামলায় ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক জহিরুল কবীর এই আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন-সাহেব আলী (পলাতক), আব্দুল কদ্দুস, ইব্রাহিম ওরফে ইব্রা, আব্দুল মজিদ মধু, মোনাজাত আলী ওরফে মন্তা, মো. জুয়েল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন কমলা খাতুন।
মামলার বিবরণে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ২০১০ সালের ৪ মে স্কুলছাত্র ফরহাদকে আসামি সাহেব আলী গং বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। নিখোঁজের তিনদিন পর ৭ মে ফরহাদের লাশ বাড়ির পাশের একটি পুকুর পাড় থেকে উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ফরহাদের পিতা বাদী হয়ে মুক্তাগাছা থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা দেয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী ছিলেন এপিপি অ্যাডভোকেট সুবোধ চন্দ্র সরকার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান।
