বিপুল জয়ের পথে সু চির দল

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১৮:২২
 
মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিপুল জয়ের পথে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এনএলডি জানিয়েছে, নির্বাচনে তারা জয়ের ব্যাপারে নিশ্চিত।
 
সোমবার এনএলডির এক মুখপাত্র বলেছেন, ৭০ শতাংশ আসন জয় লাভের আশা করছেন। দলের নেত্রী সু চি বলেছেন, আমি মনে করি, আপনারা সবাই নির্বাচনের ফলাফল সম্পর্কে ধারণা করতে পারছেন।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে  ১২টি  আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সবকটি আসনে জয় পেয়েছে সুচির দল। ১২টি আসনের সবকটি ইয়াঙ্গুনের।
এনএলডির মুখপাত্র উইন হিটেইন এএফপিকে বলেছেন, সারা দেশের আসনের মধ্যে আমরা ৭০ শতাংশে জয় পেয়েছি। তবে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দেয়নি।
২০১১ সাল থেকে সেনাসমর্থিত ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ক্ষমতায় ছিল। ইউএসডিপির চেয়ারম্যান বিবিসিকে বলেছেন, তার নিজের নির্বাচনী আসন হিনথাডায় এনএলডির কাছে হেরে গেছেন।
 
ইউ তে উ বলেছেন,  নির্বাচনে হেরে যাওয়ার কারণ আমরা খতিয়ে দেখছি। তবে আমরা  নির্বাচনের ফলাফল মেনে নেব। আমরা এখনো নির্বাচনের ফলাফল জানি না।
 
২৫ বছর পর রবিবার মিয়ানমারে সব দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর: বিবিসি।