গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম.এ মান্নানকে আরো এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক তাকে গ্রেফতারের আদেশ দেন।
গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে গত ১৩ জানুয়ারি রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখাল পানির ট্যাঙ্ক এলাকায় ঢাকা বাইপাস সড়কে একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগে করা হয়। এ ঘটনায় এএসআই আব্দুস সালাম বাদী হয়ে জয়দেবপুর থানায় বিএনপি-জামায়াতের ৭৪ নেতা-কর্মীর নামে এবং আরো ২০/২৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন। পরে ওই মামলার তদন্তে অধ্যাপক এমএ মান্নানের ইন্ধন, প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় আসামিরা ওই গাড়িতে অগ্নিসংযোগ করেছে অভিযোগ এনে তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক হোসেন এ মামলায় তাকে গ্রেফতারের জন্য রবিবার আদালতে আবেদন জানান। সোমবার শুনানি শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম মনোয়ারা বেগম তাকে গ্রেফতার (শোন এরেস্ট)’র আদেশ দেন।
অধ্যাপক এম.এ মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র মান্নানের বিরুদ্ধে এ মামলাসহ মোট ১৭টি মামলায় রয়েছে। এসব মামলার মধ্যে সর্বশেষ রবিবার পর্যন্ত ১৬টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান মেয়র মান্নান। তিনি জানান, উচ্চ আদালতে সবকয়টি মামলায় জামিন পাওয়ার পর অন্যায়ভাবে তাকে আরো একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রোলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আদালত কতৃর্ক অভিযোগপত্র গৃহিত হলে গত ১৯ আগষ্ট স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করেন। এমতাবস্থায় গত ৮ মার্চ প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
