তেলের মূল্য কমার ধারা অব্যাহত থাকবে: আইএমএফ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১৭:১৫
 
আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রধান ক্রিস্টিন ল্যাগার্ড সতর্ক করে বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য কমার ধারা কয়েকবছর ধরে চলতে পারে। তাই তিনি উপসাগরীয় দেশগুলোর প্রতি এর সঙ্গে তাল মিলিয়ে বাজেট করার আহ্বান জানিয়েছেন।
 
রবিবার কাতারের রাজধানী দোহায় গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ল্যাগার্ড বলেন, তেল ও গ্যাসের আয়ের ওপর এসব দেশের নির্ভর করে থাকা ঠিক হবে না।
 
তিনি বলেন, আমাদের ধারণা তেলের মূল্য সম্ভবত কয়েকবছর ধরে একই পর্যায়ে থাকবে। এর ফলে জিসিসিভুক্ত দেশগুলোকে এর সঙ্গে তাল মিলিয়ে আর্থিক নীতি ঠিক করতে হবে।
 
তিনি আরো বলেন, আইএমএফ ধারণা করছে জিসিসিভুক্ত দেশগুলোর প্রবৃদ্ধি ৩.২ শতাংশ থেকে কমে ২০১৬ সালে ২.৭ শতাংশে দাঁড়াবে।
ল্যাগার্ড বলেন, জিসিসিভুক্ত সকল দেশের ক্ষেত্রে বাজেট পরিবর্তনের ধরন ও প্রয়োজন একই রকম হবে না। বিষয়টি একেক দেশের জন্য একেক রকম হবে।
 
উল্লেখ্য, জিসিসিভুক্ত দেশসমূহ হলো বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সউদি আরব ও আরব আমিরাত।