মিসরে ফের সাংবাদিক গ্রেফতার

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ২১:০২
 
মিসরে অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী হোসসাম বাঘাতকে গ্রেফতার করেছে দেশটির সেনা গোয়েন্দা কর্তৃপক্ষ। গত আগস্টে আল জাজিরার তিন সাংবাদিককে 'সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতা' করার অভিযোগে তিন বছরের কারাদণ্ড দেয়ার পর এই সাংবাদিককে গ্রেফতার করা হল।
 
৩৭ বছর বয়সী হোসসাম বাঘাতকে গোয়েন্দারা নয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন। তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করার অভিযোগ আনা হতে পারে।
 
সাংবাদিক গ্রেফতার করার নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই গ্রেফতারকে মিসরে বাক স্বাধীনতার ওপর 'কফিনে আরেকটি পেরেক' বলে অভিহিত করেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি।
 
২০১৪ সাল থেকে তিনি 'মাদা মাসর' পত্রিকায় বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করছিলেন। নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত হয়ে একদল সেনা কর্মকর্তার অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র করার সরকারি অভিযোগ নিয়েও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন তিনি।
 
২০১৩ সালে মোহাম্মদ মুরসি সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। সূত্র: বিবিসি