শিশিরঝরা হেমন্তের ঘোর অমাবশ্যা তিথিতে আজ মঙ্গলবার দীপাবলির আলোকে উদ্ভাসিত হয়ে উঠবে চারদিক। হিন্দু বিশ্বাসমতে, এই মাহেন্দ্রলগনে আবির্ভাব ঘটবে মঙ্গলময়ী জননী কালীদেবীর। আজ মঙ্গলবার দীপাবলি উত্সব ও শ্যামাপূজা। এদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ পালন করবে দীপাবলি। ন্যায়ের জয় আর পারলৌকিক আঁধার সরিয়ে ফেলার কামনায় নৈবেদ্য দিবে কালীমাতার পাদপদ্মে। মঙ্গল শিখায় হিন্দু গৃহগুলো আলোকিত করে রাখা হবে। নিশি উপবাসের পর অন্নকুট মহোত্সব আর সন্ধ্যা আরতি হবে। বিশুদ্ধ পঞ্জিকামতে আজ সন্ধ্যায় দীপাবলী ও মঙ্গল শিখা প্রজ্বলন এবং রাতে শ্যামা পূজা, প্রসাদ বিতরণ। কাল ভাইফোঁটা ও অতিথি আপ্যায়ন ও আরতি। বৃহস্পতিবার কালী প্রতিমা বিসর্জন। কেবল হিন্দু নয়, শিখ ও জৈন ধর্মাবলম্বীরাও আজ সন্ধ্যায় সহস্র প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উত্সব করবেন।
শ্যামা পূজা বা কালী পূজার পরে কাল ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া। শুভদিনের পবিত্র লগ্নে ভাই-বোনের মধুর সম্পর্কের পুনঃনবীকরণ করা হয় প্রতি বছর। হিন্দু সমাজের ভাই-বোনের স্নেহ ভালবাসার সম্পর্কের প্রকাশ ভাইফোঁটার আচার অনুষ্ঠান। হেমন্তের পবিত্র শিশির দিয়ে বোন তার ভাইয়ের সব অশুভ অমঙ্গল ও অকল্যাণকর শক্তিকে ধুয়ে দেয়। সুগন্ধি চন্দন তিলক ললাটে এঁকে দেয়।
