থ্রিডি বা ত্রিমাত্রিক ভিডিও এখন অন্যতম জনপ্রিয় একটি প্রবণতা। এখন টিভি এবং মনিটর নির্মাতারা থ্রিডি টিভি বা থ্রিডি মনিটর তৈরিতেও তাই গুরুত্ব দিচ্ছে বেশি। কিন্তু এসব থ্রিডি ডিসপ্লে ডিভাইসের জন্য প্রয়োজনীয় কনটেন্টের অপ্রতুলতা রয়েছে। থ্রিডি ভিডিও বা কনটেন্ট তৈরির জন্য প্রয়োজন হয় আলাদা ধরনের ক্যামেরা থেকে শুরু করে সম্পূর্ণ ভিন্ন ধরনের সেটআপ। আর সে কারণেই থ্রিডি কনটেন্ট তৈরি এখনও বেশ ব্যয়বহুল এবং এখনও প্রচলিত মূল ধারায় প্রবেশ করতে পারেনি এই থ্রিডি ভিডিও।
এর মধ্যে যারা থ্রিডি ডিসপ্লে ডিভাইস কিনেছেন, তারা তাহলে কী করবেন? থ্রিডি টিভি বা মনিটরের ক্রেতাদের মধ্যে যারা ফুটবলপ্রেমী, তাদের জন্য একটি সমাধান নিয়ে এসেছেন গবেষকরা। তারা এমন একটি সফটওয়্যার তৈরি করেছেন যেটি কি না যেকোনো ফুটবল গেমের টুডি বা দ্বিমাত্রিক ভিডিওকে থ্রিডি বা ত্রিমাত্রিক ভিডিওতে রূপান্তর করতে সক্ষম।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব আইটি (এমআইটি) এবং কাতার কম্পিউটিং রিসার্চ ইনস্টিটিউটের (কিউসিআরআই) গবেষকরা যৌথ গবেষণার মাধ্যমে এই সফটওয়্যার তৈরি করেছেন। তারা বলছেন, ফুটবল গেমের যেকোনো ধরনের ভিডিওকেই থ্রিডিতে রূপান্তর করবে তাদের উদ্ভাবিত সিস্টেম। আর সেই থ্রিডি ভিডিও যেকোনো ধরনের থ্রিডি ডিসপ্লে ডিভাইসেই ব্যবহার করা যাবে। বাজারের থ্রিডি টিভি থেকে শুরু করে গুগলের কার্ডবোর্ড বক্স কিংবা অকুলাস রিফটের ভার্চুয়াল হেডসেটেও এই থ্রিডি ভিডিও পূর্ণাঙ্গ থ্রিডি ভিডিও দেখার অনুভূতিই প্রদান করবে।
এই উদ্ভাবন প্রসঙ্গে এই গবেষণার সাথে সংশ্লিষ্ট এমআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ওজসিয়েক মাতুসিক বলেন, ‘এখন অনেক টিভিই থ্রিডি টিভি হিসেবে তৈরি করা হয়েছে। এ ছাড়াও থ্রিডি কনটেন্ট দেখার জন্য রয়েছে নানা ধরনের ডিভাইস। কিন্তু এসব ডিভাইসের জন্য পর্যাপ্ত থ্রিডি কনটেন্টেরই অভাব রয়েছে। আমরা সে কারণেই এসব থ্রিডি ডিভাইসের জন্য পর্যাপ্ত পরিমাণে উচ্চমানের কনটেন্ট তৈরির লক্ষ্য নিয়ে কাজ করেছি।’
গবেষকরা জানান, এখনকার ভিডিও গেমগুলোতে মূলত থ্রিডি ম্যাপিং ব্যবহার করেই এর টুডি সংস্করণ তৈরি করা হয়। গবেষকরা এই গবেষণায় মূলত সেই টুডি ম্যাপিং থেকেই বের করেছেন থ্রিডি ম্যাপিং সিস্টেম এবং ভিডিওকে রূপান্তর করেছেন থ্রিডিতে। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার এক মাল্টিমিডিয়া কনফারেন্সে এই নতুন সফটওয়্যার সিস্টেম প্রদর্শন করেন গবেষকরা।