প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতা ব্র্যান্ডউইটজ ২০১৫ আসরে চ্যাম্পিয়ন হয়েছে আইবিএর প্রজেক্ট ২২, দ্বিতীয় স্থান অধিকার করেছে আইবিএর অ্যাভান্ট গার্ড এবং তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) টিম ৩৬০ ডিগ্রি।
প্রধান অতিথি হিসেবে বিজয়ী এই তিন দলের মধ্যে সম্মাননা ও চেক তুলে দেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গত ১৬ সেপ্টেম্বরে শুরু হওয়া এই প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে নির্বাচিত ৪৮টি দলের মধ্য থেকে পর্যায়ক্রমে সেরা দলগুলো বাছাই করা হয়। মূলত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে বিভিন্ন নাগরিক সেবা (ই-সেবা), সেবা প্রদানে উদ্ভাবনী উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার-প্রচারণার কৌশল ও কর্মপন্থা নির্ধারণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
