সু চির কাছে ক্ষমতাসীনদের শোচনীয় পরাজয়

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৮:২১
মিয়ানমারের ক্ষমতাসীন দলের এক ঊর্ধ্বতন সদস্য মঙ্গলবার বলেন, তারা সুচির দলের কাছে ‘পুরোপুরি হেরে’ গেছে। নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পার্টি বিরাট বিজয়ের পথে রয়েছে। এখন পর্যন্ত ঘোষিত নিম্নকক্ষের ৮৮ টি আসনের মধ্যে ৭৮ টি আসনে এনএলডি জয়ী হয়েছে।
 
ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) সু কির কাছে পুরোপুরি পর্যুদস্ত হয়েছে। ঘোষিত ফলাফলের মধ্যে মাত্র ৫ টি আসনে জয়ী হয়েছে দলটি। দলের অনেক হেভিওয়েট প্রার্থীও পরাজিত হয়েছেন। ইউএসডিপির ঊর্ধ্বতন সদস্য কি উইন রাজধানী নাইপিদোর প্রধান দলীয় কার্যালয় থেকে এএফপি-কে বলেন, ইউএসডিপি পুরোপুরি হেরে গেছে। এনএলডি জিতে গেছে। তিনি বলেন, এটা আমাদের দেশের ভাগ্য। এনএলডিকে কাজ করতে দিতে হবে। অং সান সুচিকে এখন দায়িত্ব নিতে হবে। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি।
 
IMG0
 
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কি উইন বলেন, এনএলডি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে।  তবে এনএলডির জন্য আনুষ্ঠানিক বিজয় এখনও অধরা। কারণ নির্বাচন কর্মকর্তারা মঙ্গলবার ফলাফল প্রকাশে কৌশল গ্রহণ করছেন। সংখ্যাগরিষ্ঠতার জন্য এনএলডির ৬৭ শতাংশ আসনে জয়ী হতে হবে। বাসস ও গার্ডিয়ান।