বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংলাপের প্রস্তাব নাকচ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খুনিদের সাথে কোনো ধরনের সমঝোতা বা সংলাপ হতে পারে না। অযথা লোক দেখানো সংলাপ করে লাভ নেই। যারা ৭১ ও ৭৫ এর খুনিদের পুরস্কৃত করেছে তাদের সাথে সমঝোতা হতে পারে না।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইডিইবির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইডিইবির সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে সভায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের কমউিনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় পার্টি (জেপি)’র মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদের কার্যকরি সভাপতি মঈনউদ্দিন খান বাদল এমপি, আইডিইবি’র সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপির সাথে আমাদের মিলবে না। আমাদের লক্ষ্য ৭১ এর ঘাতকদের বিচার করা। আর বিএনপির লক্ষ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা। তাই তাদের সঙ্গে সংলাপ করে সমঝোতা হবে কিভাবে?’
খবর বাসসের।
