ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাজ্য সফরের প্রাক্কালে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছেন মোদীবিরোধীরা। গত রবিবার সন্ধ্যায় লন্ডনের পার্লামেন্ট ভবনের দেয়াল ও বিগ বেন টাওয়ারে প্রোজেক্টরের সাহায্যে 'মোদী স্বাগত নয়' লেখা ফুটিয়ে তোলেন ভারতীয় প্রতিবাদকারীরা। এসময় একটি ছবিও ফুটিয়ে তোলা হয় যেখানে মোদীকে ঢাল-তলোয়ার উঁচিয়ে রাখতে দেখা যায়। আগামী বৃহস্পতিবার এক দশক পর ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে লন্ডন সফরে যাবেন মোদী।
আওয়াজ নেটওয়ার্ক নামের একটি সংগঠন লন্ডনে মোদীবিরোধী প্রচারণা চালাচ্ছে। পার্লামেন্ট ভবনের দেয়ালে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে মোদীর ছবিটি ফুটিয়ে তোলা হয়। ছবিতে মোদীর এক হাতে তলোয়ার ও অন্য হাতে একটি ঢাল ছিল। ঢালটিতে স্বস্তিকার মতো দেখতে 'ওম' শব্দটিও ফুটিয়ে তোলা হয়।
আন্দোলনে নেতৃত্ব দেয়া আওয়াজ ফাউন্ডেশন ব্রিটিশ পার্লামেন্টে মোদীর ভাষণের সময় বিক্ষোভ দেখানোর উদ্যোগ নিয়েছে। তারা ভারতীয়দের অন্যান্য সংগঠনগুলোকেও বিক্ষোভে অংশ নিতে আহ্বান জানাচ্ছেন। 'নরেন্দ্র 'মোদী ডিজিটাল ভারত', 'পরিষ্কার ভারত' ও 'স্বয়ংসম্পন্ন ভারত' এর ধারণাকে বিক্রি করতে চাইছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, একটি দমনমূলক ব্যবস্থার মাধ্যমে ভারতের গণতান্ত্রিক ও সেক্যুলার ঐতিহ্যকে মলিন করা হচ্ছে।' বলেন আওয়াজের একজন মুখপাত্র।
২০০২ সালের দাঙ্গাকে ইঙ্গিত করে সংগঠনটি টুইটারে বলেছে, 'প্রধানমন্ত্রী গুজরাটে নিরপরাধ লোকদের পরিকল্পিত হত্যাকাণ্ড এড়িয়ে গেছেন।' ওই দাঙ্গায় নিহতদের মধ্যে অধিকাংশই মুসলিম ধর্মাবলম্বী ছিলেন।
লন্ডনে মোদীবিরোধী আন্দোলনে আওয়াজ নেটওয়ার্কের সঙ্গে যোগ দিয়েছে বেশ কয়েকটি সংগঠন। সাউথ এশিয়া সলিডারিটি গ্রুপ, শিখ ফেডারেশন ইউকে, সাউথঅল ব্ল্যাক সিস্টার্স, দলিত সলিডারিটি নেটওয়ার্ক ইউকে, ইন্ডিয়ান মুসলিম ফেডারেশন, ইন্ডিয়ান ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, মুসলিম পার্লামেন্ট, ভয়েস অব দলিত ইন্টারন্যাশনাল। এর আগে ভারতের নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও যুক্তরাজ্য সফরকালে মোদীকে প্রশ্নের সম্মুখীন করার আহ্বান জানিয়েছেন। সূত্র: আইবি টাইমস
